আমরা সংবিধান সংশোধনের জন্য আসিনি, সংস্কারের জন্য এখানে এসেছি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে শেষে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোটের আদেশকে অমান্য করা হচ্ছে। যার ভিত্তিতে সংসদে এসেছি তাকে অসাংবিধানিক বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধনে কমিটি করার প্রস্তাব এনেছেন। তিনি এই প্রস্তাব আনতে পারেন না। আমরা সংশোধন নয়, সংস্কারের জন্য এখানে এসেছি।
সরকারি দল পরোক্ষভাবে অধ্যাদেশকে অসাংবিধানিক বলছে উল্লেখ করে নাহিদ বলেন, ঐকমত্য কমিশনে সমঝোতায় গিয়েছি। তারা গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তারাই এখন হ্যাঁ এর বিপক্ষে অবস্থান নিয়েছে, সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল হিসেবে এই অধ্যাদেশের সঙ্গে যুক্ত ছিলেন, তিনিই স্পিকারের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন। স্পিকার আদেশের পরই স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কেনো কথা বলছেন?
এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এখানে আমাদের কারও ভুলে যাওয়ার কথা নয় যে দুটি নির্বাচনের মাধ্যমে আমরা আজ এই জায়গায় এসেছি। একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এই গণভোটের ভিত্তি হচ্ছে যে আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ।
নাহিদ ইসলাম বলেন, আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে। সে আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হয়েছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি।
