বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

সংসদে প্রকাশিত শীর্ষ ঋণ খেলাপির তালিকায় প্রথম এস আলম গ্রুপ

প্রথম সমাচার ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান।

সোমবার সংসদ অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, শীর্ষ খেলাপিদের মধ্যে রয়েছে—এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলি ফুডস (প্রা.) লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এছাড়া বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রায় ৩ হাজার ৩৩০ কোটি টাকার ঋণ খেলাপি হিসেবে বিবেচনায় আনা হয়নি।

সরকার খেলাপি ঋণ আদায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, এ সংক্রান্ত কার্যক্রম আরও জোরদার করা হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...