প্রথম সমাচার ডেস্ক:
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতাসমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) উদ্যোগে ‘প্রকাশনা উৎসব ২০২৭’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় বাংলা একাডেমির বটতলাস্থ নজরুল মঞ্চে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
সসাসের নির্বাহী পরিচালক জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, কবি ও সাহিত্যিক জাকির আবু জাফর, সসাসের সাবেক নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা ও আব্দুল্লাহ আল মামুন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল আরেফিন লেলিন, শরীফ বায়েজীদ মাহমুদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, সসাসের এই নতুন প্রকাশনা আধিপত্যবাদের বিরুদ্ধে এক অনবদ্য আয়োজন। সুস্থ ও নান্দনিক সংস্কৃতিচর্চার মাধ্যমে নৈতিকতাসমৃদ্ধ সমাজ গড়ে তোলা সময়ের দাবি। এ ধরনের প্রকাশনা উৎসব নতুন প্রজন্মকে সৃজনশীলতা ও মূল্যবোধের পথে অনুপ্রাণিত করবে।
অধ্যাপক সাইফুল্লাহ মানসুর বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রকাশনা কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে সসাসের এ উদ্যোগ প্রশংসনীয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবির বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সুস্থ সংস্কৃতির বিকাশ অপরিহার্য। আজকের এই প্রকাশনা উৎসব সেই লক্ষ্য পূরণে একটি ইতিবাচক পদক্ষেপ।
উদ্বোধন ও আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। দর্শক ও পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা ভবিষ্যতেও এমন সৃজনশীল ও মননশীল আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সূত্র: মূল প্রতিবেদন

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা