প্রতিটি ধর্ম সকল মানুষের বিশ্বাসের জায়গা ঠিক করে দেয়। সরকার সকল ধর্মের ধর্মগুরুদের সম্মানী ভাতা চালু করেছে। প্রত্যেক ধর্মের ধর্মগুরুদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাইছার লিংকন।
আজ শুক্রবার বিকেলে লোহাগাড়া বিবিবিলা শান্তি বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ মুজিব ২৫ মার্চ ভাঙা স্যুটকেস নিয়ে পালিয়েছিলেন। সে শিক্ষা তাঁর উত্তরসূরিও পেয়েছেন। তাই নেতাকর্মীদের ফেলে তাঁর মেয়েও পালিয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা এ দেশে আর আসতে পারবে না। জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জনগণের সরকার, তাই বিএনপি আসলে দেশের উন্নয়ন হয়।
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিহারের সাংগঠনিক সম্পাদক ও ‘আমাদের’-এর প্রধান সম্পাদক বাবু রকি বড়ুয়া।
চট্টগ্রাম (সাতকানিয়া-লোহাগাড়া-১৫) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে গৌতম বুদ্ধের অহিংসা নীতিকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আগামী ১৫ দিনের মধ্যে বিহারের দেওয়াল নির্মাণ ও শ্মশান উন্নয়নের জন্য বরাদ্দের আশ্বাস দেন। একই সঙ্গে চরম্বা ইউনিয়নে কোনো কাঁচা সড়ক থাকবে না বলেও জানান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোহাম্মদ মোস্তফাহ জামান বলেন, আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে বলেই আমরা জনগণের কাছে ফিরে আসি। ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। হাসিনার মতো যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত সুমিত্র মহাথেরো ও ভদন্ত রতনানন্দ মহাথেরো। ভোরের আলো ফুটতেই ধর্মীয় গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সাজে ও পূজার সামগ্রী হাতে পুণ্যার্থীদের আগমন শুরু হয়। পুণ্যার্থীরা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন। সারাদিন বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান ও বিশেষ প্রার্থনা চলে। আয়োজিত এ দানোৎসবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে মুখর হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ।
এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না (সাতকানিয়া-লোহাগাড়া, চট্টগ্রাম-১৫), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোহাম্মদ মোস্তফাহ জামান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন এবং বিএনপির বৈদেশিক বিষয়ক উপকমিটি ও কেন্দ্রীয় বিএনপির গবেষণা ও মনিটরিং টিমের সদস্য ড. আমিরুল ইসলাম, জেলা জজ দীপংকর বড়ুয়া প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি ঘিরে নানা প্রশ্ন
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান