ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের প্রথম ১০০ দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে মার্চ ও এপ্রিল মাসজুড়ে সংঘটিত অপরাধের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ‘অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র’ শীর্ষক পরিসংখ্যান অনুযায়ী, আলোচিত দুই মাসে দেশে মোট ৬০৫টি খুনের ঘটনা ঘটেছে।
এ ছাড়া ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনাও নথিভুক্ত হয়েছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি, চুরির ঘটনা ২ হাজার ২১৪টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি।
যৌন সহিংসতার চিত্রও উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক ছিল। তিনি জানান, খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট এবং অরাজকতার ঘটনা এই সময়জুড়ে অব্যাহত ছিল।
TIB
