পর্যটন মৌসুমের শুরুতেই সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ নির্দেশ কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটকদের সাজেক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।
রবিবার সকাল ৬টা থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়। ফলে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিদিন দুই দফায় সেনাবাহিনীর প্রহরায় খাগড়াছড়ি ও সাজেকের মধ্যে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করা হয়। তবে অবরোধের কারণে রবিবার তা সীমিত করে একবার পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল। সে অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটকেরা বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা তাদের আটকে দেন। অন্যদিকে, সাজেক থেকে বের হওয়া পর্যটকেরাও মাচালং এলাকায় আটকা পড়েন।
পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর বিকেল ৫টার দিকে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর দুই পাশে আটকে পড়া পর্যটকেরা সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করেন।
এদিকে, অবরোধ প্রত্যাহার হলেও জেলা প্রশাসনের নির্দেশে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকছে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে
ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না