জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ সড়কের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সকালে সংবাদমাধ্যমকে জানান, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন ফ্যাসিবাদী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরদিন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দিলে শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য পদ হারান। এরপর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে স্পিকারের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সালের ৩০ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি পুনরায় সংসদ সদস্য হন এবং ২০১৯ সালের ৩ জানুয়ারি আবারও স্পিকারের দায়িত্ব নেন।
২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় গত ২৭ আগস্ট তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি রংপুর মহানগরের পূর্ব গণেশপুর এলাকার বাসিন্দা নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার আদালতে দায়ের করেন।
তথ্যসূত্র: এশিয়া পোস্ট।
