শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

সামরিক অভিযানের শঙ্কায় ভূগর্ভস্থ ইউরেনিয়াম স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে ইরান

প্রথম সমাচার ডেস্ক ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় ভূগর্ভস্থ ইউরেনিয়াম মজুত স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এমন দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সঙ্গে সংযুক্ত কিছু টানেল বা সুড়ঙ্গের প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এসব এলাকার চারপাশে বিস্ফোরক মাইন পুঁতে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনের দাবি, সম্প্রতি ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে প্রকাশ্য বিতর্কের পর তেহরান এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ ইসফাহান পারমাণবিক কমপ্লেক্সের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হয়। নতুন নিরাপত্তা ব্যবস্থার ফলে এসব স্থাপনায় প্রবেশ, পরিদর্শন কিংবা সেখানে সংরক্ষিত উপকরণ সরিয়ে নেওয়ার কাজ আগের তুলনায় অনেক বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে ইউরেনিয়াম মজুত যাচাই বা হস্তান্তরসংক্রান্ত কোনো আন্তর্জাতিক সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রেও এই পরিস্থিতি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ ভূগর্ভস্থ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার হওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়া আরও কঠিন হয়ে যেতে পারে।

তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...