শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সিরাজগঞ্জে জামায়াতের দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় জামায়াতের দুই নেতাকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটির নেতাকর্মীরা।

অভিযোগে বলা হয়, সয়দাবাদ বারাম গ্রামের হাসানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে জামায়াত নেতা আব্দুস সবুর ও নুরুন্নবীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তারা গুরুতর আহত হন।

আহত আব্দুস সবুরকে প্রথমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় স্থানান্তর করা হয়।

ঘটনার বর্ণনায় জানা যায়, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের গাড়িবহর যমুনা সেতু অতিক্রম করে সয়দাবাদ এলাকা দিয়ে চলে যাওয়ার পর আব্দুস সবুর জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হন। এ সময় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে জামায়াত নেতারা দাবি করেন, সকাল থেকেই একটি দল লংমার্চের গাড়িবহরে হামলার চেষ্টা করছিল। তবে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা তা করতে পারেনি। পরে গাড়িবহর চলে যাওয়ার পর বিচ্ছিন্নভাবে লংমার্চে অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এক যৌথ বিবৃতিতে তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আমরা ঘটনা শুনেছি। হাসপাতালে আহত ব্যক্তিকে পুলিশ দেখেছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেন বলেন, ছুটির দিন হওয়ায় কোনো ডাক্তার হাসপাতালে নাই।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com