শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

Icon প্রথম সমাচার ডেস্ক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় সলঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রয়কেন্দ্রে তদারকি করা হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স নাঈম ট্রেডার্সের মালিক মো. আজিজুল হককে ১০ হাজার টাকা এবং আলিম ইলেকট্রনিকসের মালিক মো. আবদুল কুদ্দুসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com