সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলি শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে খবর পাওয়া গেছে। তুরস্ক সীমান্তসংলগ্ন এলাকায় ধ্বংসাবশেষটির পাশে স্থানীয়দের ভিড়ের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ক্ষেপণাস্ত্রটি ঠিক কখন ওই এলাকায় আছড়ে পড়ে তা এখনো স্পষ্ট নয়। তবে তুরস্ক কর্তৃপক্ষ দাবি করেছে, ন্যাটোর সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় তাদের আকাশসীমার দিকে অগ্রসর হওয়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, কামিশলিতে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষটি ওই ভূপাতিত ক্ষেপণাস্ত্রের অংশ হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ইরান বা সিরিয়া কোনো মন্তব্য করেনি।
ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
