রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

প্রথম সমাচার ডেস্ক ১৯ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষণ করলে তার জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ করেই বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। অভিযোগ রয়েছে, কোনো ধরনের পূর্ব উসকানি ছাড়াই এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করে পরিস্থিতির জবাব দেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন। দ্রুত প্রতিক্রিয়ার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিএসএফ সদস্যরা পিছু হটে বলে দাবি করেছে বাহিনীটি।

ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...