সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদসহ ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। বাকি একটি সদস্য পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপকমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট।
সম্পাদক পদেও জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী। তিনি পেয়েছেন ২ হাজার ৫৮২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। এছাড়া সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।
অন্যদিকে সাতটি সদস্য পদের একটিতে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাতেই নেতা-কর্মী ও আইনজীবীদের আনন্দ উদ্যাপন করতে দেখা গেছে।
