শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ

প্রথম সমাচার ডেস্ক ০৯ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আগামী ১৬ জুন এ বিষয়ে পূর্ণাঙ্গ আপিল শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ এই আদেশ দেন। শুনানির শুরুতে রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রায়টি স্থগিত রাখার আবেদন করেন। স্বল্পসময়ের শুনানি শেষে আদালত সেই আবেদন গ্রহণ করে পূর্ণ শুনানির দিন নির্ধারণ করে দেন।

অ্যাটর্নি জেনারেল জানান, রায়টি কার্যকর থাকলে বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রমে প্রশাসনিক অচলাবস্থা দেখা দেওয়ার আশঙ্কা ছিল। সেই জটিলতা এড়াতেই স্থগিতাদেশ চাওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল হাইকোর্ট ১৮৫ পৃষ্ঠার বিস্তারিত রায় প্রকাশ করেন। সেই রায়ে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের আলোকে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রাখার বিদ্যমান বিধান বাতিল করে সেসব এখতিয়ার সুপ্রিম কোর্টের অধীনে ন্যস্ত করা হয়। এরপর গত ২১ মে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে।

আগামী ১৬ জুনের শুনানিতে এই সাংবিধানিক প্রশ্নে আপিল বিভাগের অবস্থান কী দাঁড়ায়, তা নিয়ে আইনি মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...