প্রথম সমাচার ডেস্ক:
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ দখলে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। তাঁর অভিযোগ, যুদ্ধকালীন এই পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো কোনো খবর প্রকাশ করছে না। তবে সৌদি ভূখণ্ড দখলে থাকার বিষয়ে কার্লসনের দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠেছে। তাঁর দাবি, ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবের একটি অংশ দখলে রেখেছে।
কার্লসন বলেন, ‘তারা এই মুহূর্তে সৌদির একটি অংশ দখল করে আছে। আমি জানি না এটি আমেরিকান সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে কি না, তবে এটি একটি সত্য ঘটনা। এটি অনেক বড় একটি বিষয়।’ সৌদি ভূখণ্ডে বর্তমানে হুথি যোদ্ধা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আছে।’
তবে সৌদি ভূখণ্ড দখলে থাকার তথ্যের উৎস সম্পর্কে কিছু জানাননি কার্লসন। তিনি প্রায়ই আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেন। গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভূমধ্যসাগরে প্রমোদতরীতে কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের সঙ্গে দেখা করেছিলেন তিনি। পডকাস্টেও কার্লসন দাবি করেন, ওই সপ্তাহে উপসাগরীয় নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচক হলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিজের বন্ধু বলে মনে করেন কার্লসন। ইরান ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও সম্প্রতি তাঁর সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে বলেও জানান এই পডকাস্টার।
কার্লসনের এ বক্তব্যের আগে গত ২ নভেম্বর মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে বলা হয়েছিল, হুথিরা সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান চালিয়েছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী, গত অক্টোবরে এসব অভিযান পরিচালিত হয়। তবে হুথিরা সৌদি ভূখণ্ডের কোনো অংশ এখনো দখলে রেখেছে কি না, তা নিশ্চিত করেননি ওই কর্মকর্তারা।
সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার দুর্গম সীমান্ত এলাকায় সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমিতে ঘেরা এই সীমান্তের বহু গ্রাম অতীতের সংঘাতের সময় জনশূন্য হয়ে পড়েছিল।

বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়েও কেন কাটে না মানসিক যন্ত্রণা