সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ ও বাংলাদেশ টেলিভিশনের জননন্দিত অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত।
পুরস্কারের জন্য মনোনীত হয়েই উচ্ছ্বাস প্রকাশ করে তিনি তার ফেইসবুক পোস্টে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেন—
“আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়-যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার। আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।
আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।
অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে।”
উল্লেখ্য, এবার ২০২৬ এর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরণোত্তর) ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনার মহানুভবতা উদাহরণ হওয়া শিক্ষক মাহেরীন চৌধুরী সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ টি প্রতিষ্ঠান।
