পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বামীর দাফন শেষে বাড়ি ফেরার পর মূর্ছা গিয়ে মারা গেছেন স্ত্রী। স্বামীর মৃত্যুর একদিনের ব্যবধানে স্ত্রীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের ওমর আলী (৮০) বার্ধক্যজনিত কারণে বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
দাফন শেষে বাড়িতে ফেরার পর স্বামীর মৃত্যুতে শোকে কাতর হয়ে মূর্ছা যান তাঁর স্ত্রী হরতন বেগম (৭৮)। পরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দারা বলেন, স্বামীর প্রতি হরতন বেগমের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এ ঘটনায়। তাঁদের এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। একই দিনে স্বামী-স্ত্রীর দাফনের ঘটনায় তারা হতভম্ব ও শোকাহত। তারা দুজনের আত্মার মাগফিরাত কামনা করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী বলেন, মারা যাওয়া দুজন তাঁর চাচা ও চাচি। তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় থাকায় তাঁদের শেষবার দেখতেও পারেননি। তাঁর চাচা দীর্ঘ ২৫ বছর মসজিদে আজান দিয়েছেন। দুজনই ধর্মপরায়ণ মানুষ ছিলেন। আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করুন।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে
ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না