জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করার এবং প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোকে ভণ্ডামি ও জলদস্যুতার দায়ে অভিযুক্ত করেছেন।
নেবেনজিয়া বলেন, “ইরানের উপর সমস্ত দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যেন ইরানই তার প্রতিবেশীদের আক্রমণ করেছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো।” তিনি আরও বলেন, “যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো উপকূলীয় রাষ্ট্র যদি আক্রমণের শিকার হয়, তাহলে নিরাপত্তার স্বার্থে নিজের আঞ্চলিক জলসীমায় জাহাজ চলাচল সীমিত করার অধিকার তার রয়েছে।”
পশ্চিমা দেশগুলোর সমালোচনা করতে গিয়ে রুশ রাষ্ট্রদূত তাদের সরাসরি জলদস্যুদের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “জলদস্যুরা অন্তত তাদের জাহাজে মাথার খুলির কালো পতাকা উড়িয়ে নিজেদের পরিচয় দেয়। কিন্তু পশ্চিমা দেশগুলো তাদের বেআইনি কার্যকলাপকে একতরফা নিষেধাজ্ঞার আড়ালে ঢেকে রাখার চেষ্টা করছে।”
নেবেনজিয়া ইউরোপীয় দেশগুলোর দ্বিমুখী নীতির দিকেও আঙুল তোলেন। তিনি উল্লেখ করেন যে, যেসব ইউরোপীয় দেশ এখন হরমুজ প্রণালীতে মুক্ত নৌচলাচলের কথা বলছে, তারাই কৃষ্ণ সাগরে রুশ বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় হামলাকে সমর্থন জুগিয়েছে।
খবর আল-জাজিরা
