রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
২০২৪ সালভিত্তিক সিনিয়র অফিসার

১,০১৭ পদে ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত নিয়োগ পরীক্ষা ১৫ মে

প্রথম সমাচার ডেস্ক ০৬ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার  পদে সমন্বিত নিয়োগের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। মোট ১ হাজার ১৭টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ পরীক্ষা আগামী ১৫ মে, শুক্রবার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি হবে মোট ১০০ নম্বরের। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান (আর্থিক ও ব্যাংকিং), অ্যানালিটিক্যাল স্কিল এবং আইসিটি—এই ছয়টি বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে বলেও জানানো হয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি পরে পৃথকভাবে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে। এর মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া প্রবেশপত্র ছাড়া মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক কার্ড কিংবা যেকোনো ধরনের কাগজপত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

কেন্দ্রের নাম, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিপ্রত্যাশীদের জন্য এটি চলতি বছরের অন্যতম বড় সমন্বিত নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। এক হাজারের বেশি পদে নিয়োগ হওয়ায় পরীক্ষাকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...