বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
দীর্ঘ অপেক্ষার অবসান, রাস্তায় নেমে পতাকা হাতে উদ্‌যাপন সমর্থকদের

২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক: খুশিতে আত্মহারা দেশবাসী

প্রথম সমাচার ডেস্ক ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

দীর্ঘ ২৪ বছরের প্রতীক্ষা শেষে আবারও ফুটবল বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে তুরস্ক। বিশ্বকাপে দলের যোগ্যতা অর্জনের খবরে দেশজুড়ে নেমেছে আনন্দের বন্যা।

তুরস্ক ২০০২ সালে শেষবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছিল। তখন ঐতিহাসিক সাফল্য পেলেও দীর্ঘ দুই যুগ তুরস্ককে বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকতে হয়েছিল। এরপর দীর্ঘ সময় বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারলেও এবার সেই আক্ষেপ ঘুচেছে। মঙ্গলবার প্লে-অফ ফাইনালে কসোভোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।

কসোভোকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা নিশ্চিত হওয়ার পর তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে শুরু করে ঐতিহাসিক বৃহত্তম শহর ইস্তানবুলসহ প্রতিটি শহর, গ্রাম, পাড়া-মহল্লা, শিক্ষা-প্রতিষ্ঠানে সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। রাস্তায় নেমে পতাকা হাতে উদ্‌যাপন করেন লক্ষ লক্ষ মানুষ। আতশবাজি, গান আর স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো দেশ। এ যেন তাদের জন্য এক বড় প্রাপ্তি।

দলের এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফের অবদানও তুলে ধরছেন বিশ্লেষকরা। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে গড়া দলটি বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

২০০২ সালের মতো এবারও তুরস্ক চমক দেখাবে বলে সমর্থকরা আশা করেন। সেই স্বপ্ন নিয়েই বিশ্বকাপের অপেক্ষায় এখন পুরো তুরস্কের দেশবাসী।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...