বরিশাল শিক্ষা বোর্ডের এক প্রশাসনিক ত্রুটিতে বদলে গেছে ৩৮ হাজার শিক্ষার্থীর জেন্ডার তথ্য। পুরুষ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে ‘ফিমেল’ উল্লেখ করে কার্ড বিতরণ করায় বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। বিষয়টি সামনে আসার পর শুরু হয়েছে সংশোধন প্রক্রিয়া।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিভাগের ছয় জেলা থেকে মোট ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। পরীক্ষার অন্তত এক মাস আগে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হয়। সম্প্রতি কার্ড ছাপিয়ে চারটি জেলার কলেজে বিতরণও করা হয়।
কার্ড বিতরণের সময় ঝালকাঠিসহ দুটি জেলায় দেখা যায়, প্রায় ৩৮ হাজার পুরুষ শিক্ষার্থীর জেন্ডার ভুলবশত ‘ফিমেল’ হিসেবে উল্লেখ রয়েছে। এতে পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের প্রস্তুতির বদলে সংশোধনের জন্য কলেজ ও বোর্ড কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে।
বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, কম্পিউটার সেটিংস ও অপারেটরের অসাবধানতার কারণে এ ত্রুটি হয়েছে। সংশ্লিষ্ট অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, ভুলটি সময়মতো শনাক্ত হওয়ায় দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কোনো ফি ছাড়াই রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করে দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে বহু শিক্ষার্থীর কার্ড সংশোধন সম্পন্ন হয়েছে। পরীক্ষার আগেই সব ত্রুটি ঠিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি, ভবিষ্যতে এমন ভুল এড়াতে তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া আরও জোরদার করা প্রয়োজন, যাতে পরীক্ষার্থীরা অপ্রয়োজনীয় ভোগান্তিতে না পড়েন।
