শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

৮ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম মিজানুর রহমান, থানায় অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

মসজিদের ইমাম ধর্মীয় নেতা হিসেবে যাকে ঘিরে থাকে মানুষের আস্থা ও বিশ্বাস। নামাজ, দোয়া কিংবা জীবনের নানা সংকটে মানুষ যার কাছে ছুটে যায়। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই স্বর্ণের হার দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং নানা অজুহাতে কয়েকজনের কাছ থেকে লাখ লাখ টাকা ধার করে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহা. মিজানুর রহমানের বিরুদ্ধে।

বুধবার (৭ অক্টোবর) রাতেই এ ঘটনায় মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগে প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়েছে।

মসজিদে নিয়োগের সময় জমা দেওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী অভিযুক্ত মুহা. মিজানুর রহমানের পিতার নাম মুহা. ইসমাঈল মজুমদার এবং মাতার নাম মোছা. হাসিনা মাহমুদা নার্গিস। তার বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার যাত্রাবাড়ী থানার ৩১২ দক্ষিণ যাত্রাবাড়ী, ডাকঘর ফরিদাবাদ-১২০৪ এছাড়া স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর গাজিপুর আসরা মসজিদ বাড়ী উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রায় তিন মাস আগে মালঞ্চ জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে যোগ দেন মিজানুর রহমান। অল্প সময়েই তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর আস্থা অর্জন করেন। সেই আস্থাকেই পুঁজি করে বিভিন্ন সময়ে ব্যক্তিগত আর্থিক সংকট, বেতন না পাওয়া এবং জরুরি প্রয়োজনের কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেন বলে অভিযোগ করা হয়েছে।

থানায় অভিযোগকারী মো. জুবায়ের জানান, তিনি ওই মসজিদের মক্তব শিক্ষক হিসেবে কর্মরত। গত ৫ অক্টোবর মিজানুর রহমান তার কাছে অর্থের প্রয়োজনের কথা বলেন। একপর্যায়ে মোবাইল ফোনে হংকং থেকে আসা একটি স্বর্ণের নেকলেসের ছবি দেখিয়ে কয়েক দিনের মধ্যেই টাকা পরিশোধ করবেন বলে আশ্বস্ত করেন। মসজিদের ইমাম হওয়ায় তাকে বিশ্বাস করে তিনি নগদ ১ লাখ ৫০ হাজার টাকা দেন।

একই ধরনের আশ্বাসে পরদিন স্থানীয় ব্যবসায়ী মো. ইমরানের কাছ থেকেও ১ লাখ ২৫ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া জাহাঙ্গীর মাস্টারের কাছ থেকে ৪০ হাজার টাকা, আব্দুল্লাহর কাছ থেকে ২ লাখ টাকা, কাদেরের কাছ থেকে ৩০ হাজার টাকা এবং ইসমাঈল হোসেন রাজার কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার টাকা।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর পর্যন্ত সবকিছুই ছিল স্বাভাবিক। অভিযুক্ত ইমাম মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করেন। কিন্তু এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার স্ত্রী সন্তান নিয়ে আত্নগোপনে চলে গেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

টাকা হারিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অভিযোগকারী জুবায়ের। তিনি বিকাশ, নগদ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। ব্যবসার মূলধনের বড় একটি অংশই তিনি ইমামের হাতে তুলে দিয়েছিলেন।

কান্নাজড়িত কণ্ঠে জুবায়ের বলেন, একজন মসজিদের ইমাম মানুষের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা। তিনি যদি এমন করেন, তাহলে আমরা কার ওপর বিশ্বাস করব? আমি গরিব মানুষ। অনেক কষ্ট করে ব্যবসার টাকা জমিয়েছিলাম। এখন সেই টাকা না পেয়ে খুব সমস্যার মধ্যে আছি। আপনারা আমার টাকাটা উদ্ধার করার ব্যবস্থা করেন।

এলাকাবাসী বলছেন, ধর্মীয় পরিচয় ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে অভিযুক্তকে সহজেই বিশ্বাস করেছিলেন ভুক্তভোগীরা। ফলে কেউ তার কথায় সন্দেহ করেননি। হঠাৎ তার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুহা. মিজানুর রহমানের ব্যবহৃত নাম্বারে ( ০১৮১১৯০৬*** ০১৬১১৫৪৮*** ) একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মালঞ্চ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।

তবে মুঠোফোনে সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, অভিযোগের বিষয়টি আমরা আগে জানতাম না। কেউ অর্থ লেনদেনের আগে মসজিদ পরিচালনা কমিটিকে অবহিত করেননি। বিষয়টি নিয়ে আমরা দ্রুত কমিটির সভা আহ্বান করব এবং আইনগতভাবে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রায় তিন মাস আগে তিনি এই মসজিদে নিয়োগ পেয়েছেন। এত স্বল্প সময়ে তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

থানায় অভিযোগের বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরে পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com