বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
সংস্কার পরিষদ ইস্যুতে বিরোধীদলীয় নেতা

রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রথম সমাচার ডেস্ক ১৫ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে নামবেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (১৫ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পুরোটাই সংসদে পড়ে শোনানো হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, শেষ পঞ্জিকা দিবস উপলক্ষে বিরোধী দল আজকের (রোববার) মধ্যে এর সমাধান চেয়েছে। বিরোধী দল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, এই শপথের কী হবে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, পাশাপাশি যারা শপথ নেননি, তারা কবে শপথ নেবেন, সেটি জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া সংস্কার পরিষদের অধিবেশন কবে ডাকা হবে, গণভোটকে আদৌ মান্য করা হবে কি না—এসব প্রশ্নও তোলা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার পরিষদ গঠন বিষয়ে স্পিকার সুনির্দিষ্ট নোটিশ দিতে বলেছেন। আমরা নোটিশ দেব। সংসদের ভেতরে এটা আলোচনা করব। সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হব। আমরা বিশ্বাস করতে চাই সরকার দাবি মেনে নেবে।

এর আগে রোববার সংসদ অধিবেশন চলাকালে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না। রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না বলে তা করেননি। বিরোধীদলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি।

বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। তারও আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ সংসদের এ অধিবেশন চলবে। প্রথম অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...