মিনি ল’ স্কুলের উদ্যোগে “নবীন আইনজীবী সংবর্ধনা ও শিক্ষার্থী গেট টুগেদার – ২০২৬” শীর্ষক একটি বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম নগরীর জামালখানে অবস্থিত জুলাই বিপ্লব স্মৃতি হল, প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই আনন্দমুখর আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলভাবে ইনরোলমেন্ট সম্পন্নকারী মিনি ল’ স্কুলের শিক্ষার্থীদের সম্মানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন বারের প্রায় দুই শতাধিক আইনজীবী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আইআইইউসি, পোর্ট সিটি ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট বদরুল হুদা মামুন ও এডভোকেট সাইফুল আবেদীন, সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খদিজাতুল খোবরা মারিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার রাশপিয়াতুর রাশপি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির লেকচারার তৌহিদুল ইসলাম জিহাদী এবং চট্টগ্রাম জেলা বারের আইনজীবী এডভোকেট ইবনাত ফাইরুজ অরিন, এডভোকেট শহিদুল ইসলাম মাসুদ ও এডভোকেট ইমরান হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং স্যুভেনির হিসেবে কলম, প্রতিষ্ঠানের লোগোযুক্ত মগ ও ক্রেস্ট প্রদান করা হয়। নবীন আইনজীবীরা বক্তৃতা, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অতিথিরা তাদের বক্তব্যে মিনি ল’ স্কুলের আইন শিক্ষা বিস্তারে ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, নামে ‘মিনি’ হলেও প্রতিষ্ঠানটি সারা দেশের আইন শিক্ষার্থীদের কাছে একটি আস্থাশীল ও অনন্য প্ল্যাটফর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের সিইও ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট রায়হান সোবহান নবীন আইনজীবীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে যুগোপযোগী দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি শিক্ষার গুণগত মান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভবিষ্যতে প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তি/পিএস
