সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

ঢাবির জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মা/রধরের অভিযোগ

প্রথম সমাচার ডেস্ক ২৬ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জগন্নাথ হল-এ এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে হলে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা একই হলের কয়েকজন শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সুষ্ঠু বিচার ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী অভয় কুমার সিংহ বাংলা বিভাগের মাস্টার্স (২০২০–২১ সেশন) এর শিক্ষার্থী। তিনি জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ১১১১ নম্বর কক্ষে থাকেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে ২০২৬) সন্ধ্যায় রবীন্দ্র ভবনের নিচে একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। অভয় কুমার সিংহের দাবি, হাঁটুর সমস্যার কারণে তিনি পা তুলে বসেছিলেন। এ সময় চন্দন (ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ২০২০–২১) ও ঝলক দাস (জাপানিজ স্টাডিজ, ২০২১–২২) তাকে পা নিচে নামিয়ে বসতে বলেন। পরে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, রাতের দিকে তিনি রুমে ফেরার পর চন্দন, ঝলক দাস, রিপন (মার্কেটিং, ২০২১–২২) এবং সাগর/সৌরভ (ম্যানেজমেন্ট, ২০২১–২২) তার কক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন। এ সময় তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভয় কুমার সিংহ বলেন, “একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর রুমে ঢুকে এভাবে হামলা করা অত্যন্ত অমানবিক। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

তিনি আরও জানান, দ্রুত বিচার না হলে তিনি সংবাদ সম্মেলনসহ আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

এ বিষয়ে জগন্নাথ হল প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের একটি অংশ ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...