মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

অবসরের এক যুগ পর আবার মাঠে রোনালদিনহো, যোগ দিচ্ছেন ইতালিয়ান ক্লাবে

প্রথম সমাচার ডেস্ক ২০ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে দীর্ঘদিনের অবসর ভেঙে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। তবে জাতীয় দল বা শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবে নয়, ইতালির তৃতীয় স্তরের ফুটবল লিগের দল রাভেন্নার হয়ে মাঠে নামবেন তিনি।

ইতালীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ৪৬ বছর বয়সী রোনালদিনহো সিরি ‘সি’ লিগের ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ক্লাবটির অংশীদার হিসেবেও যুক্ত হচ্ছেন তিনি। পাশাপাশি ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিনিয়োগ পরিকল্পনায়ও অংশ নেবেন সাবেক এই বিশ্বসেরা ফুটবলার।

রাভেন্না ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রোনালদিনহোর আনুষ্ঠানিক যোগদানের ঘোষণা দেওয়া হবে। ক্লাব সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরে তাকে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন।

নতুন যাত্রা নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন রোনালদিনহো। তিনি বলেন, ফুটবল সবসময় তার কাছে আনন্দের প্রতীক। সেই আনন্দ ও অভিজ্ঞতা নিয়েই তিনি রাভেন্নার নতুন অধ্যায়ে যুক্ত হতে যাচ্ছেন।

জানা গেছে, রোনালদিনহোকে নিয়মিত লিগ ম্যাচে না দেখা গেলেও বিশেষ কিছু ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ক্লাবের প্রচারণা ও বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ২০০৫ সালে জেতেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর। এছাড়া বার্সেলোনার হয়ে অসাধারণ সাফল্যের পেছনেও ছিল তার বড় অবদান।

২০১৫ সালে সর্বশেষ পেশাদার ফুটবল খেলা রোনালদিনহোর এই প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...