বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

জ্বালানি তেল চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক ০৫ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটি জানিয়েছে, দেশের সব সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক যেকোনো তৎপরতার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ও সরবরাহ পরিস্থিতির ওঠানামার সুযোগ নিয়ে অসাধু চক্র সক্রিয় হতে পারে—এমন আশঙ্কা থেকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজেল, পেট্রলসহ সব ধরনের পেট্রোলিয়াম পণ্য অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা আইন অনুযায়ী কঠোরভাবে দমন করা হবে।

এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে বিজিবি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে চোরাচালান রোধে কার্যকর নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধ করা গেলে দেশের বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...