রাজধানী উত্তরায় প্রধান সড়ক থেকে শুরু করে সেক্টরের প্রতিটি অলিগলিতে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিক্সার দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে উত্তরাবাসী। প্রয়োজনের তুলনায় সড়কে অটোরিক্সার পরিমান এতো বেশি গুন বেড়েছে যার ফলে স্কুল কলেজ, বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী সহ কর্মজীবীরা ছোট বড় এক্সিডেন্টের মতো অহরহ ঘটনায় নিয়মিত বেকায়দায় পড়ছেন। এছাড়া প্রতিনিয়ত যানজটে আঁটকে কর্মজীবীরা হারাচ্ছেন তাদের কর্ম ঘন্টা।
এছাড়াও ট্রাফিক সিগন্যাল অমান্য , গাড়ির হর্ণ শুনেও সাইড না দেয়া, কার আগে কে যাবে সেই প্রতিযোগিতা, বিভিন্ন মোড় থেকে শুরু করে যত্রতত্র দাড়িয়ে থাকা এসব যেন তাদের নিত্যদিনের স্বাভাবিক কার্যক্রম। মোবাইল ফোনে কথা বলতে বলতে রিক্সা উল্টে দেয়া কিংবা অন্যান্য গাড়ির সাথে ধাক্কা দিয়ে এক্সিডেন্ট করার ঘটনাও নেহায়েত কম নয়। এ সব নিয়ে যাত্রীদের সাথে কথা কাটাকাটি থেকে বাঁধে বড় ধরনের ঝগড়াও। মূলত কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করা কিংবা রিক্সা চালনার ক্ষেত্রে নিয়ম কানুন সম্পর্কে অজ্ঞতার ফলে সড়কে বাড়ছে প্রতিনিয়ত যানজট।
ফলে ব্যাটারিচালিত অটোরিকশা নামক এই যানটি যেন স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জিবনে বিষফোঁড়ায় রূপ নিয়েছে। অটোরিকশার দাপটে সেক্টর সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, এম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ নিজস্ব গাড়ি চলাচল অনেকটাই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে উত্তরার আজমপুর, বিএনএস সেন্টার, ৬ নং সেক্টর হাউস বিল্ডিং, রাজলক্ষি, কসাই বাড়ী, হাজীক্যাম্প, সিঙ্গার মোড়, খালপাড়, জমজম টাওয়ার, জসিমউদ্দীন রোড এবং মুগ্ধ মঞ্চের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিনই বাড়ছে অটোরিক্সার সংখ্যা। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, অনিয়ন্ত্রিত অটোরিকশার ভিড়ে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এসব অটোরিকশা নিয়ন্ত্রণ করা না গেলে মডেলটাউন উত্তরা এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা পড়বে চরম বিপর্যয়ের মুখে। ট্রাফিক আইন অমান্য করে মূল সড়কে বেপরোয়া গতিতে চলাচল এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ ও পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও অটোরিকশা মালিকগনের অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলে নগরবাসী পড়ছে চরম লোডশেডিং এর কবলে।
একদিকে তীব্র যানজট অন্যদিকে ঘন ঘন লোডশেডিং—সব মিলিয়ে নগরবাসীর সার্বিক বেহাল অবস্থার জন্য এই ব্যাটারিচালিত অটোরিক্সাকেই দায়ী করছেন নগরবাসীরা। কাজেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যানজট নিরসনে অবিলম্বে এসব অটোরিকশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের দাবি উত্তরা ট্রাফিক বিভাগ অনতিবিলম্বে অভিযান চালিয়ে প্রধান সড়কগুলোকে অটোরিক্সামুক্ত করা হোক।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, অটোরিক্সা নিয়ন্ত্রণে তারা প্রতিনিয়ত কাজ করছেন। প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে অটোরিকশা ডাম্পিং করার পাশাপাশি রিকশা চালকদের সতর্কও করছেন। তারা যেন মূলসড়কে না আসে সে বিষয়েও সতর্ক করছেন ট্রাফিক পুলিশ।
অন্যদিকে ভুক্তভোগী পথচারীরা বলছেন ভিন্ন কথা, তারা বলছেন অটোরিকশা চালকদের সাথে রয়েছে ট্রাফিক পুলিশের যোগসাজশ। এছাড়া কেউ কেউ অনেক পুলিশ সদস্যদের অটোরিকশা রয়েছে বলেও অভিযোগ তুলেছেন। তারা আরো বলেন, ট্রাফিক পুলিশ যদি সঠিক ভাবে দায়িত্ব ও আইনপ্রয়োগ করতো তাহলে অটো রিক্সা চালকরা কখনোই মূল সড়কে আসার সাহস পেতোনা। কাজেই সাধারন মানুষের প্রানের দাবি, স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের কঠোর পদক্ষেপের মাধ্যমে এসব সমস্য থেকে দ্রুত পরিত্রাণ পাক নগরবাসী।

ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি