শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান বিএনপি নেতা ইদ্রিস মিয়া

Icon প্রথম সমাচার ডেস্ক

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পটিয়ার মো. ইদ্রিস মিয়া। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারা অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন:দিবসীকরণ

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে নগরবাসীর নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্রাহকসেবার মান বাড়ানো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ইদ্রিস মিয়া। একই সঙ্গে ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

চট্টগ্রাম ওয়াসার সামনে পানি সরবরাহের পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, চলমান প্রকল্প বাস্তবায়নে গতি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও বকেয়া রাজস্ব আদায়ের মতো চ্যালেঞ্জ রয়েছে। ওয়াসার তথ্য অনুযায়ী, সাধারণ গ্রাহক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে সংস্থাটির মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা রাজস্ব বকেয়া রয়েছে।

মো. ইদ্রিস মিয়া চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বাসিন্দা। তিনি ছনহরা ইউনিয়ন পরিষদের একাধিকবার সদস্য ও চেয়ারম্যান এবং পরে অবিভক্ত পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com