যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন ও চরম পর্যায়ে পৌঁছেছে।
অর্থমন্ত্রী বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, আজ (৭মার্চ, শনিবার) রাতে ইরানের ওপর ইতিহাসের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হতে যাচ্ছে।
তার দাবি অনুযায়ী, মার্কিন এই অভিযানের মূল লক্ষ্যবস্তু হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং উৎপাদন কারখানাগুলো, যাতে দেশটির সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া সম্ভব হয়। মূলত হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব এবং দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে এই কঠোর অবস্থানের কথা জানিয়েছে ওয়াশিংটন।
অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করার সংবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক যান ও রাডার সিস্টেমের গতিবিধি নিয়ে কে কার সাথে তথ্য বিনিময় করছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।
হেগসেথ আশ্বস্ত করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সব ধরনের প্রকাশ্য ও গোপন তৎপরতা সম্পর্কে পুরোপুরি অবগত এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের যুদ্ধের পরিকল্পনা আগেভাগেই সাজিয়ে রাখা হয়েছে।
