গতকাল বিকেল ৩টার দিকে গাজী নজরুল ও তার স্ত্রী মাকছুদা ইসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার। আদালতে নেওয়ার সময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। অবশ্য কাঠগড়ায় নেওয়ার পর এসব খুলে দেওয়া হয়।
রিমান্ড শুনানির সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গাজী নজরুলের রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে গেলে বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে বলতে বলেন। তিনি রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘মামা ওবায়দুর রহমানকে প্রলোভন দেখিয়ে মরিয়ামকে বিয়ে করেন এমপি গাজী নজরুল। প্রথম স্ত্রীকেও রাজি করান মরিয়ামকে বিয়ে করাতে। তারা ন্যাম ভবনে বাস করতেন। আত্মহত্যায় প্ররোচনা অভিযোগে মামলা হয়েছে। হত্যার বিষয় উড়িতে দিতে পারি না।’
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের সামনে দাঁড়িয়ে মরিয়ামের বাবা মাসুম বিল্লাহ বলেন, গাজী নজরুল তার আপন খালু। নজরুলের সঙ্গে মরিয়ামের সম্পর্কে জড়ানোর নেপথ্যে কাজ করেছেন তার শ্যালক ওবায়দুর রহমান। ওবায়দুর টাকার জন্য নজরুলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দিয়ে মরিয়ামকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। নজরুলের কাছে মরিয়াম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।
নজরুলের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া চিরকুট সম্পর্কে মাসুম বিল্লাহ বলেন, ‘ওটা মরিয়ামের হাতের লেখা কিনা জানি না। তার হাতের লেখা খুব একটা চিনি না। নির্যাতনের শিকার হলেও মরিয়াম কোনো কিছু জানায়নি আমাকে।’
এজাহারে মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় গাজী নজরুলের সঙ্গে মরিয়ামের বিয়ে হয়। এর পর থেকে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদার সঙ্গে মরিয়াম বসবাস করতেন। ওই বাসায় গাজী নজরুল ও মাকছুদা বিভিন্ন বিষয় নিয়ে শারীরিক ও মানসিকভাবে মরিয়ামকে নির্যাতন করতেন।
এজাহারে উল্লেখ করা হয়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল মোবাইল ফোনে বাদী মাসুম বিল্লাহকে দ্রুত ন্যাম ভবনের বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মেয়েকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। এজাহারে বলা হয়েছে, বেলা আনুমানিক ৩টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময় ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে সন্ধ্যা ৭টায় পুলিশ ওই বাসায় গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট আলামত সংগ্রহ করে। এ সময় সেখান থেকে চিরকুট পাওয়া যায়। সেগুলো মরিয়ামের লেখা বলে ধারণা পুলিশের। চিরকুটে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং গাজী নজরুলের কারণে বিপর্যস্ত হওয়ার ইঙ্গিত রয়েছে। লেখাটি মরিয়ামের কিনা, তা ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।
রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপর লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তারা।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। দুই আসামিকে ডিবি আদালত থেকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে গেছে। ডিবি তাদের জিজ্ঞাসাবাদ করবে।
গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানিয়েছেন, মরিয়ামের মৃত্যুর ঘটনায় গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল বেলা ১১টায় পৌর সদরে এই কর্মসূচি পালন করা হয়।
শুরুতে জেসি কমপ্লেক্স চত্বর থেকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা গাজী নজরুলের কুশপুত্তলিকায় জুতাপেটা ও অগ্নিসংযোগ করে।
সমাবেশ চলাকালে বক্তব্য দেন নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, নুরনগর পাবলিক লাইব্রেরির আহ্বায়ক আবু ইউসুফ, ভুরুলিয়া সমবায় ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল কালাম মোড়ল, তরুণ সমাজসেবক রেজাউল ইসলাম প্রমুখ।
বক্তারা মরিয়ামের মৃত্যুর জন্য গাজী নজরুলকে দায়ী করেন। নিম্নবিত্ত পরিবারের মেয়েটি একটি চাকরির আবেদন করতে গিয়ে এমপি গাজী নজরুলের খারাপ নজরে পড়ে।

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে
ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা