শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে পিটিয়ে তিনটি দাঁত ফেলে দিলো বখাটে

Icon প্রথম সমাচার ডেস্ক

বিকেলে স্কুল ছুটির পর ওই শিক্ষার্থী বাড়ি ফেরার প্রস্তুতি নিলে বিদ্যালয় প্রাঙ্গণে ফয়সাল তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর ও লাথি দেওয়া হয়। মুখে লাথি লাগলে সামনের তিনটি দাঁত পড়ে যায়। আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগীর মা মোছা. রোকসানা বলেন, ফয়সালের ভয়ে সকালে আমার মেয়েকে ঘরে আটকে রেখেছি। আমিও পালিয়ে থেকেছি। আমার মেয়ে স্কুলের এক শিক্ষককে বিষয়টি মোবাইল ফোনে জানালে ওই শিক্ষক স্কুলের কয়েকজন ছাত্রকে নিয়ে এসে তাকে স্কুলে নিয়ে যায়। এরপর স্কুল ছুটি হলে বাসায় আসা শুরু করলে ফয়সাল আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রথমে হাত ধরে টানাটানি শুরু করে। তবে তার কথায় রাজি না হলে একপর্যায়ে ফয়সাল আমার মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় চড় ও লাথি দিতে শুরু করে। মুখে লাথি দেওয়ায় আমার মেয়ের তিনটি দাঁত পড়ে যায়। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে স্কুলের শিক্ষকদের সহযোগিতায় মেয়েকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছি।

গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননী গোপাল মালাকার বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী এবং অভিযুক্ত ফয়সালের বাড়ি আমাদের স্কুলের কাছাকাছি। স্কুল চলাকালীন ফয়সাল স্কুল এলাকায় লাঠিসহ ঘোরাঘুরি করেছে, কিন্তু বিষয়টি আমরা কেউ দেখিনি। স্কুল ছুটি হলে ওই শিক্ষার্থী যখন বাড়ি যাওয়া শুরু করে তখন ফয়সাল তাকে স্কুল বাউন্ডারিতেই মারধর শুরু করে। এ সময় আমরা স্কুল বন্ধ করেছিলাম। তবে স্কুলের অন্য সহপাঠীরা তার সঙ্গে ছিল। বিষয়টি টের পেয়ে আমরা পুলিশকে খবর দিলে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে বরগুনা হাসপাতালে নিয়ে এসেছি।

এ বিষয়ে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, আমাদের শিক্ষার্থী এই শিশুটিকে নির্মমভাবে মারা হয়েছে। মেয়েটি ঠিকভাবে কথা বলতে পারছে না। ওর ভবিষ্যৎ এখন হুমকিতে। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের মাকে আটক করা হয়েছে। ফয়সালকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা দায়েরের কার্যক্রম চলমান। অভিযুক্ত ফয়সাল বাক্‌প্রতিবন্ধী বলে তিনি জানান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com