বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

বালদেকে নিয়ে ইন্টার-ইউনাইটেডের নজর

প্রথম সমাচার ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ অপরাহ্ন

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তরুণ লেফট ব্যাক আলেহান্দ্রো বালদেকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে ইউরোপীয় ফুটবল অঙ্গনে। ইতালির ইন্টার মিলান এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমে স্প্যানিশ ডিফেন্ডারকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে কাতালান মিডিয়া স্পোর্টস।

২২ বছর বয়সি বালদে চলতি মৌসুমে হানসি ফ্লিকের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ। এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি ম্যাচ খেলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সে কিছুটা ওঠানামা দেখা গেছে। বিশেষ করে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। সেই ম্যাচে জুলিয়ানো সিমিওনের বিপক্ষে রক্ষণে দুর্বলতা স্পষ্ট ছিল।

পরের ম্যাচে জিরোনার বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে জেরার্দ মার্তিনকে নামান ফ্লিক। মার্তিনের রক্ষণভাগে স্থিতিশীলতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণভাগে গতি আনতে বালদেকে মাঠে নামানো হয়।

বালদের বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ মিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে বার্সার চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত এবং রিলিজ ক্লজ ধরা আছে এক বিলিয়ন ইউরো, যা কার্যত তাকে সুরক্ষিত রাখছে। তবু বড় অঙ্কের প্রস্তাব এলে পরিস্থিতি ভিন্ন মোড় নিতে পারে কি না, সেটাই এখন আলোচনার বিষয়।

ইন্টার মিলান ইতালিতে নিজেদের আধিপত্য আরও মজবুত করতে চাইছে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড সাম্প্রতিক বছরগুলোতে স্কোয়াড পুনর্গঠনের পথে হাঁটছে, যদিও এ মৌসুমে তারা ইউরোপীয় প্রতিযোগিতায় নেই। তবু প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে বড়সড় বিনিয়োগের ইঙ্গিত রয়েছে ক্লাবটির।

বালদের এজেন্ট জর্জে মেন্ডেস সম্প্রতি বার্সেলোনায় ছিলেন এবং ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। আপাতত বার্সেলোনা বালদেকে ঘিরে কোনো প্রস্তাব বিবেচনা করছে না এবং তার পারফরম্যান্সে ধারাবাহিকতা ফেরার অপেক্ষায় আছে। একইসঙ্গে বিকল্প হিসেবে জেরার্দ মার্তিন ও তরুণ জোফ্রে তোরেন্তসকে নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে কাতালান ক্লাবটি।

সব মিলিয়ে, বালদেকে ঘিরে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নতুন করে আলোচনার ঝড় উঠতে পারে—যদিও সিদ্ধান্তের চাবিকাঠি আপাতত বার্সেলোনার হাতেই।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...