শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়িয়ে গেজেট

Icon প্রথম সমাচার ডেস্ক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়িয়েছে সরকার। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত এনএসআইয়ে কর্মরত সব স্তরের কর্মচারী এ সুবিধার আওতায় থাকবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি আজ বুধবার প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, ৩০ জুন ২০২৬ তারিখে এনএসআইয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা বিশেষ ভাতা হিসেবে যে পরিমাণ অর্থ আহরণ করেছেন, তার সঙ্গে ওই পরিমাণের ২০ শতাংশ যোগ করে নতুন ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে বর্ধিত হারে এ বিশেষ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

অর্থাৎ, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএসআই কর্মচারীরা আগের নিয়মেই বিশেষ ভাতা পাবেন। এ সময় অর্থ বিভাগের ২০১৪ সালের ১ সেপ্টেম্বরের জারি করা স্মারক অনুযায়ী ভাতা দেওয়া হবে।এতে আরও বলা হয়, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী মূল বেতনের শতাংশ হিসেবে এই বিশেষ ভাতার হার বা পরিমাণ নির্ধারণ করা হবে না। অর্থাৎ, নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও তার নির্দিষ্ট কোনো শতাংশ ধরে এনএসআই কর্মীদের বিশেষ ভাতা নির্ধারণ করা হবে না।

এ ছাড়া প্রেষণে নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রেও বিশেষ শর্ত দেওয়া হয়েছে। প্রেষণে থাকা কর্মচারীরা নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রতিরক্ষা সার্ভিস ভাতা যেটি প্রযোজ্য তা পাবেন না।

গেজেটে বলা হয়, ৩০ জুন ২০২৬ তারিখে যে বিশেষ ভাতা প্রচলিত ছিল, সেটিকেই ভিত্তি ধরে ২০ শতাংশ বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। নতুন বর্ধিত ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলমের স্বাক্ষরে গেজেটটি প্রকাশ করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com