বিবেক বা ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকৃতি জানালে সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা উচিত নয়-এমন মৌখিক পর্যবেক্ষণ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে। আদালত জানায়, কোনো ব্যক্তি ‘বন্দে মাতরম’-এর পুরোটা না গাইলেই তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত নয়। তবে এটি এখনো চূড়ান্ত রায় নয়; বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে আদালত।
‘বন্দে মাতরম’-এ মোট ছয়টি স্তবক রয়েছে। তবে স্বাধীনতার আগে থেকেই বিভিন্ন অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচিতে সাধারণত প্রথম দুটি স্তবকই গাওয়ার প্রচলন রয়েছে। এর পেছনে ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে। গানটির পরবর্তী স্তবকগুলোতে হিন্দু দেবী দুর্গা, কালী, লক্ষ্ণী ও সরস্বতীর উল্লেখ রয়েছে। এ কারণে তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের কয়েকজন মুসলিম নেতা পুরো গান গাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।
১৯৩৭ সালে কংগ্রেসের অধিবেশনের আগে গানটি নিয়ে বিতর্কের মধ্যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আজাদ ও সর্দার বল্লভভাই প্যাটেল রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত জানতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম দুটি স্তবক গাওয়ার পরামর্শ দেন। এরপর থেকেই কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে প্রথম দুই স্তবক গাওয়ার রীতি অনুসরণ করা হয়ে আসছে।
এদিকে ‘বন্দে মাতরম’-এর দেড়শ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনে সংশোধন এনে জাতীয় সংগীতের পাশাপাশি জাতীয় গানকেও আইনি সুরক্ষার আওতায় এনেছে। সংশোধিত বিধানে কেউ যদি ‘বন্দে মাতরম’ গাওয়ায় ইচ্ছাকৃতভাবে বাধা দেন অথবা গান পরিবেশনের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে সেটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা একই সঙ্গে উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এই সংশোধিত আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন করা হয়েছে।

ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল
সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের
চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার