জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের যেখানে পাওয়া যাবে সেখানেই লাঠিপেটা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এই নির্দেশনা দেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক একটি বক্তব্যের সমালোচনা করে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘ডার্বি নাসির’ নামে পরিচিত এই পাটওয়ারী কিছুদিন ধরে অযাচিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন, তাদের তিন দাবি মেনে নিলে নাকি ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না।
তিনি বলেন, এই ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা। শুধু নাসীরই নয়, এনসিপির নেতারা যে বক্তব্য দিচ্ছে তা রাজনীতির পরিবেশকে নষ্ট করছে।
এসময় তিনি এনসিপি নেতাকর্মীদের লাঠিপেটা দেওয়ার নির্দেশ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তাদের প্রতিহত করতে না পারলে দিন দিন তাদের আস্ফালন বেড়ে যাবে। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই লাঠিপেটা দেওয়া হবে।
সমাবেশে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব আফছর খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে দেশ শান্তিময় ও অস্থিতিশীলতামুক্ত ছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সবসময়ই দেশের এই অর্জিত শান্তি ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায় এবং দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালায়। যেকোনো মূল্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী এই অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে রাজপথে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে; কোনো চক্রান্তকারী অপশক্তিকে দেশের শান্তি-শৃঙ্খলা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে এনসিপির প্রতিবাদ মিছিল শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের তিন দাবি মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না।

‘৭ দিন ধরে ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি’: এনসিপি নেত্রী মাহমুদা মিতু