বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাতে প্রস্তুত ট্রাম্প: ফিফা সভাপতি

প্রথম সমাচার ডেস্ক ১১ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার অনেক আগে থেকেই আসন্ন বিশ্বকাপে ইরানের অংশ্রগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়। প্রতিনিধি দলের সবাই ভিসা না পাওয়ায় ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানও বয়কট করে ইরানিরা। তবে এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করলেন, ট্রাম্প জানিয়েছেন বিশ্বকাপে ইরান ফুটবল দলকে সাদর আমন্ত্রণ জানাতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র।

আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ছাড়াও দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা। তবু ইরানের গ্রুপপর্বের ম্যাচগুলো রাখা হয়েছে যুক্তরাষ্ট্রেই। সম্প্রতি মার্কিন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে তার ‘কোনো মাথাব্যথা নেই’। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে শোরগোল পড়ে যায় ফুটবলবিশ্বে। তবে এবার ভিন্ন কথা জানালেন ফিফাপ্রধান। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে এক বৈঠকের পর ইনস্টাগ্রামে ইনফান্তিনো লেখেন, ‘বর্তমান ইরান পরিস্থিতি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি।

প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে নিশ্চিত করেছেন যে, ইরানের জাতীয় ফুটবল দল যুক্তরাষ্ট্রে এসে বিশ্বকাপ খেলার জন্য সম্পূর্ণ আমন্ত্রিত। ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে, এবং এ মুহূর্তে আমাদের এমন একটি সংহতির আসর বড্ড প্রয়োজন।’

আগামী ১১ই জুন থেকে শুরু হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞে ইরানের সূচি নির্ধারিত হয়েছে সিয়াটল ও লস অ্যাঞ্জেলেসে। তাদের ম্যাচ যথাক্রমে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে। যদিও কিছুদিন আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ হতাশার সুরে জানান, এই হামলার পর বিশ্বকাপে অংশ নেয়াটা তাদের জন্য কঠিন। তবে ট্রাম্পের এই সবুজ সংকেত যেন চলমান অস্থিরতায় নতুন করে আশার আলো দেখাচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...