অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে আজ। ১৯৫২ সালের এই দিনে রাজপথ রঞ্জিত করে যে বীর সন্তানরা মায়ের ভাষার মান বাঁচিয়েছিলেন, আজ সারা দেশ তাদের জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা। জাতির এই পরম আবেগের দিনে অনন্য সাধারণ এক ভঙ্গিতে ভাষাশহীদদের স্মরণ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি বিশেষ পোস্টের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন নায়ক। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর পেজ থেকেও একই ছবি ও বার্তা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
শাকিব খানের শেয়ার করা পোস্টটির কার্ডে ভাষা দিবসের অর্থবহ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, চলচ্চিত্রের তিনটি ফিল্ম রোল লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদল তৈরি করা হয়েছে এবং পাশে একটি ফিল্ম রিল রাখা হয়েছে। নিজের পেশা অর্থাৎ চলচ্চিত্রের অন্যতম প্রধান অনুষঙ্গ ফিল্ম রোলের সঙ্গে জাতীয় শোক, অহংকার ও গৌরবের প্রতীক শহীদ মিনারকে এক সুতোয় গেঁথেছেন এই শীর্ষ নায়ক।
এই ছবিটির ভেতরে এবং পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, মাতৃভাষার জন্য জীবন দেওয়া সব বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
