জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ঠিক ওপরের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার একটি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সংসদ ভবন সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় সংশ্লিষ্ট শাখা এই ক্যালিগ্রাফি স্থাপনের কাজ সম্পন্ন করে। এর ফলে এখন থেকে অধিবেশন কক্ষের গুরুত্বপূর্ণ অংশে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ সম্বলিত আরবি ক্যালিগ্রাফিটি দৃশ্যমান থাকবে।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বুধবার সংসদ সচিবালয়ের নিজ দপ্তরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন তারেক রহমান। একই দিন সকালে তিনি বিএনপির সংসদীয় দলের এক বিশেষ সভায় অংশ নেন। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
