শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

গাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ‘কিশোর গ্যাং দমনে’ আটক ২ যুবককে ছেড়ে দিল পুলিশ

Icon প্রথম সমাচার ডেস্ক

চট্টগ্রামের রাউজানে দুই যুবককে আটকের পর পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাদের বাধা ও প্রতিবাদের মুখে আটক দুই যুবককে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার রাতে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন পুলিশ সদস্য ওই এলাকায় যান। সেখানে অভিযান চালিয়ে স্থানীয় অটোরিকশাচালক সাঈদ ও নির্মাণ শ্রমিক মোহাম্মদ জিসানকে আটক করে গাড়িতে তোলা হয়। দুই যুবককে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

এক পর্যায়ে তারা পুলিশের গাড়িটি ঘেরাও করে আটক ব্যক্তিদের ছাড়ার দাবি জানান। এ সময় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ ও ধাওয়া দেওয়ার ঘটনাও ঘটে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতার প্রতিবাদের মুখে আটক দুই যুবককে ছেড়ে দেয় পুলিশ। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘কিশোর গ্যাং প্রতিরোধ ও দমনে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালাতে গিয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের বাধা ও প্রতিরোধের কারণে কোনো পদক্ষেপ না নিয়েই দলটি থানায় ফিরে আসে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com