দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবার বাড়ছে। আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের কাছে কাম এয়ার জ্বালানি ডিপোতে পাকিস্তান বোমা হামলা চালিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) তালেবান সরকার রয়টার্সকে এই খবর দিয়েছে।
গত মাসে পাকিস্তানের বিমান হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়। ইসলামাবাদ বলছে, তারা ‘সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে হামলা’ করেছে। আফগানিস্তান এটিকে তাদের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে দাবি করেছে।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কাম এয়ার বেসামরিক ও জাতিসংঘের বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করে। পাকিস্তান কাবুলসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে, যেখানে বেসামরিক বাড়িঘরও ধ্বংস হয়েছে এবং নিহতের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। তিনি বলছেন, ‘এই হামলার জবাব দেওয়া হবে’।
সর্বশেষ হামলার আগে সীমান্তে স্থল যুদ্ধ কমে গেলেও সাম্প্রতিক হামলার খবর আগে প্রকাশ করা হয়নি। পাকিস্তানের সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।
ইসলামাবাদ দাবি করছে, কাবুল পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করছে। চীনের মধ্যস্থতার চেষ্টার কারণে সহিংসতা কিছুটা কমে আসছিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসলামাবাদ ও বেইজিং আফগানিস্তান নিয়ে সংলাপ প্রক্রিয়া চালাচ্ছে।
