শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

নিউগিনি প্রোপার্টিজে হামলা: কারাগারে জামায়াত এমপির জামাতা

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আরিফুর রহমান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

মিজানুর রহমানের পক্ষে তার আইনজীবী শওকত হোসাইন জামিন চেয়ে আবেদন করে বুধবার শুনানি করতে চান। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন বুধবার রেখেছেন।

এর আগে এ মামলায় শাহরিয়ার মাহমুদ ও শাহ আলমকে সোমবার কারাগারে পাঠানো হয়। তার আগেরদিন রোববার মো. মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে আরও ৩ জনকে কারাগারে পাঠায় আদালত। তাদের পাঁচদিনের রিমান্ড আবেদনের উপর শুনানির দিন বুধবার ধার্য রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে। এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকার বাসা থেকে মিজানুরকে গ্রেপ্তার করে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com