নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহিণীর বাড়ি থেকে ব্যাংকের চেক বই নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হলেন কাঠালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহীম মিয়া। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পর্যায়ের আহ্বায়ক এবং মৃত আব্দুর গাফ্ফারের ছেলে।
ভুক্তভোগী গৃহিণী নাসিমা আক্তার অভিযোগ করেন, দারিদ্র্যের কারণে সরকারি ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তিনি ইব্রাহীম মিয়ার সঙ্গে যোগাযোগ করেন। ইব্রাহীম প্রথমে কার্ড করে দেওয়ার কথা বলে তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। পরে জন্মনিবন্ধন সনদ না থাকায় নতুন করে করে দেওয়ার কথা বলে ৮ হাজার টাকা দাবি করেন।
নাসিমা আরও জানান, একদিন প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা বলে ইব্রাহীম মিয়া তার বাড়িতে যান। ওই সময় তিনি ঘর থেকে ব্যাংকের একটি চেক বই নিয়ে যান বলে অভিযোগ করা হয়। তবে তার মেয়ে বিষয়টি দেখে ফেলায় পরে চেক বইটি উদ্ধার করা সম্ভব হয়। চেক বইটি ফেরত দিলেও এর ভেতর থেকে কয়েকটি চেকের পাতা অনুপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।
স্থানীয় এক যুবক মো. ইহসাক মিয়া বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা ও কাগজপত্র নেওয়ার অভিযোগ এলাকায় শোনা যাচ্ছে। বিষয়টি দলের জেলা পর্যায়ের নেতাদেরও অবহিত করা হয়েছে।
এ বিষয়ে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি তার নজরে এসেছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এবং এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ইব্রাহীম মিয়া বলেন, কিছু কাগজপত্র আনতে গিয়ে ভুলবশত চেক বইটি তার কাছে চলে আসে। পরে সেটি তিনি ফিরিয়ে দিয়েছেন।
এ বিষয়ে জানতে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইহসাক মিয়ার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
