বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Logo
×

শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান

Icon প্রথম সমাচার ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের ‘দায়িত্ব’ বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা পালন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বেকিনগর গ্রামে বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সহ্যসীমা ক্রমেই অতিক্রম করছে। ‘ধৈর্যের সীমা পেরিয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়।’

রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে নাদিয়া পাঠান পাপন বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর জিয়া পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা ও বক্তব্য দিয়েছেন। এমনকি খালেদা জিয়ার পোশাক নিয়েও তিনি অশালীন মন্তব্য করেছেন বলে দাবি করেন নাদিয়া।

তিনি বলেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর মনে হচ্ছে, তাঁর সেই কর্মকাণ্ডের ‘দায়িত্ব’ রুমিন ফারহানা পালন করছেন।

রুমিন ফারহানার রাজনৈতিক পরিচয় নিয়েও মন্তব্য করেন নাদিয়া পাঠান পাপন। তিনি বলেন, ‘রুমিন ফারহানা যখন বক্তব্য দিতেন, এগুলো বিএনপির লোকেরা লিখে দিত। বিএনপির মাধ্যমেই তার পরিচয় তৈরি হয়েছে।’

তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে নাদিয়া বলেন, একজন প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের সমালোচনা করা যেতে পারে, তবে ব্যক্তিগতভাবে অশালীন মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। রুমিন ফারহানা তারেক রহমানকে ‘অপুষ্টিতে ভুগছেন’ বলে মন্তব্য করেছেন—এমন দাবি করে তিনি প্রশ্ন করেন, ‘তিনি কি তারেক রহমানের পার্সোনাল ডাক্তার?’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রুমিন ফারহানার বক্তব্যের প্রসঙ্গেও কথা বলেন নাদিয়া পাঠান পাপন। তিনি বলেন, ‘যে কোনো নাগরিক দেশের বাইরে যেতে পারে, আবার আসতেও পারে। একজন দণ্ডপ্রাপ্ত আসামি আর সাধারণ নাগরিকের মধ্যে পার্থক্য আছে। তিনি আসুক, তাকে ওয়েলকাম জানালাম। তখন দেখা যাবে আমরা কী করতে পারি।’

বাবা-দাদার রাজনীতি থেকে বেরিয়ে আসার বিষয়ে রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে নাদিয়া বলেন, ‘নিজের যোগ্যতা থাকলে বাবার কথা বারবার বলতে হয় কেন?’

এ সময় তিনি নিলুফার চৌধুরী মনিকে উল্লেখ করে বলেন, ‘১০টা রুমিন ফারহানা জোড়া দিলেও একটা নিলুফার চৌধুরী মনি হবে না।’

অনুষ্ঠানে বেকিনগর গ্রামের বিভিন্ন সমস্যা ও স্থানীয়দের দুর্ভোগের বিষয়ও তুলে ধরা হয়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে ব্যারিস্টার রুমিন ফারহানা নানা বিষয়ে আশ্বাস দিলেও সেসবের বাস্তবায়ন হয়নি।

বক্তারা গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল হক নিয়াজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চান্দুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফজাল হোসেন আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান উদ্দিন, বিজয়নগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সায়েদ খন্দকার, চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী এমরান, ইউনিয়ন বিএনপির সদস্য ও চান্দুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com