নারায়ণগঞ্জ শহরে রেলওয়ে পুলিশের (জিআরপি) এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারধরে আহত এসআই মো. মিজান রহমান নারায়ণগঞ্জ রেল পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা কনস্টেবল মো. আরিফও হামলার শিকার হন। ঘটনার সময় এসআই পুলিশের পোশাকে ছিলেন, আর কনস্টেবল সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, কয়েকজন যুবক পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে এবং তার সঙ্গে থাকা আরেকজনকে মারধর করছেন।
হামলাকারীদের দাবি, দুই পুলিশ সদস্য তাদের মাদক সংক্রান্ত ‘মিথ্যা অভিযোগে’ গাড়িতে তোলার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রেললাইনের পাশে টহলের সময় গাঁজাসহ দুইজনকে আটক করার পর তাদের সহযোগীরা হামলা চালায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জানান, রেল পুলিশের সদস্যরা নিয়মিত টহলে ছিলেন। আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাদের ওপর হামলা চালায়। রেল পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র না থাকায় তারা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে পারেননি।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
