বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

অমর একুশে গ্রন্থমেলায় আলো ছড়াচ্ছে তৌফিক সুলতানের বই ‘জ্ঞানের জগৎ’

নিজস্ব প্রতিবেদক ১৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্য তৌফিক সুলতানের নতুন বই জ্ঞানের জগৎ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০২৬–এ। বইটি পাওয়া যাচ্ছে দাঁড়িকমা প্রকাশনী–র ৮৯৭–৮৯৮ নম্বর স্টলে।

লেখক জানান, জ্ঞানের জগৎ মূলত জ্ঞানচর্চা, পড়াশোনার কার্যকর কৌশল এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের একটি বাস্তবভিত্তিক দিকনির্দেশনামূলক বই। তিনি বলেন, “একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে”—এই ভাবনা থেকেই বইটির মূল দর্শন গড়ে উঠেছে।

বর্তমান সময়ের তথ্যের ভিড়ে সঠিক জ্ঞান নির্বাচন করা, পড়াশোনাকে আনন্দময় ও ফলপ্রসূ করে তোলা এবং শেখা বিষয় দীর্ঘদিন মনে রাখার কার্যকর পদ্ধতি বইটিতে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। যারা পড়াশোনা করেও দ্রুত ভুলে যায়, পরীক্ষার হলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, অল্প পড়েও ভালো ফল করতে চায় কিংবা অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে চায়—তাদের জন্য বইটি একটি সহায়ক গাইড হিসেবে কাজ করবে বলে মনে করেন লেখক।

বইটিতে স্মৃতিশক্তি উন্নয়নের কৌশল, মনোযোগ বাড়ানোর উপায়, তথ্য যাচাইয়ের সচেতনতা এবং পড়াশোনার বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি লেখালেখিকে কীভাবে দক্ষতা ও সম্ভাবনার ক্ষেত্রে রূপান্তর করা যায় এবং জ্ঞানকে শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত উন্নয়ন, সৃজনশীলতা ও আয়ের সম্ভাবনার সঙ্গে যুক্ত করা যায়—সে বিষয়েও আলোকপাত করা হয়েছে।

তৌফিক সুলতান বলেন, “বর্তমান সময়ে তথ্যের অভাব নেই, কিন্তু সঠিক জ্ঞান নির্বাচন করার দক্ষতা খুবই জরুরি। আমি নতুন প্রজন্মকে বলবো—শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য পড়াশোনা করুন। কারণ আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, তার বইটি পাঠকদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। শুধু বেশি পড়লেই হবে না, সঠিক পদ্ধতিতে পড়তে জানতে হবে।

লেখকের মতে, একটি ভালো বই মানুষের চিন্তাধারা বদলে দিতে পারে এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। নতুন প্রজন্ম যেন পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে—এই লক্ষ্য থেকেই বইটির নাম রাখা হয়েছে জ্ঞানের জগৎ

তিনি বলেন, বইটির উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং জ্ঞানকে দক্ষতা, চিন্তা ও সাফল্যের শক্তিতে রূপান্তর করার পথ দেখানো।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...