ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডা. আ ক ম জামাল উদ্দিনকে (৫৬) সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে পল্টন থানার উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান অধ্যাপক জামাল উদ্দিনকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজধানীর গুলিস্তান, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হন। পরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিপরীতে হোটেল ইম্পেরিয়ালের সামনে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় আরও প্রায় ১৪০ থেকে ১৫০ জন পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়।
তদন্তে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের আবেদনে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের কার্যক্রম ও আদর্শে সমর্থন এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও প্রচেষ্টায় সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঢাকার কয়েকটি সরকারবিরোধী মিছিল-মিটিংয়ে তার নেতৃত্ব দেওয়ার বিষয়টিও তদন্তে উঠে এসেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
২০২৫ সালের ১৯ মে পল্টন থানায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

‘জ্বিনের আছর’ কাটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের ইমাম গ্রেপ্তার