রাজধানীর আদাবরে ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. বশির (৪৭) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির ও রাব্বি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত বশির আদাবর ২৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিট বিএনপির সভাপতি। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।
বশিরের ছেলে মো. ছিফাত উল্লাহ হৃদয়ের অভিযোগ, স্থানীয় বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহাম্মদপুরের শীর্ষ চাঁদাবাজ হিসেবে পরিচিত পাপ্পুর কথিত শ্যালক ইমন মুন্সির লোকজন তার বাবার ওপর হামলা করেছে। কয়েক দিন আগে হত্যার হুমকি পাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বশির। পরিবারের দাবি, জিডি করার জেরেই এ হামলা চালানো হয়েছে।
ছিফাত উল্লাহ হৃদয় আরও বলেন, ইমন মুন্সি ও তার লোকজন বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের বিল আদায় নিয়ে বিরোধে জড়িত ছিলেন। এ কারণে ভবনমালিকেরা তাদের বাদ দিয়ে অন্যদের ময়লা সংগ্রহের দায়িত্ব দিতে তার বাবাকে দায়িত্ব দেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বশির দৌড়ে একটি ভবনের গ্যারেজে প্রবেশ করছেন। পেছনে ধাওয়া করে কয়েকজন সেখানে ঢুকে তাকে মারধর করেন। তাদের একজনের হাতে চাপাতি এবং আরেকজনের হাতে রড দেখা যায়।
এ ঘটনায় বশির আদাবর থানায় মামলা করেছেন। মামলায় ইমন মুন্সিসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন- মো. রোমন, ইমরান, মো. সাগর, মো. বাদল, মো. সজল, মো. অহিদুল ইসলাম ও মো. হযরত।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ময়লার ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। হামলার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন
মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী
গাজীপুরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার