শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ধর্ষণের পর কিশোরী তাজমিন হত্যা, শোকে স্তব্ধ ও বাকরুদ্ধ মা-বাবা

Icon প্রথম সমাচার ডেস্ক

সদ্য নির্মিত একতলা বাড়ি। বারান্দার পাশ দিয়ে ছাদে ওঠার লোহার সিঁড়ি। সেখানে খেলছে কয়েকটি শিশু। বাড়ির নিচে এক নারীর হাতে স্মার্টফোন। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন নারী। সবার চোখ মুঠোফোনের পর্দায়। সেখানে ভেসে উঠেছে জান্নাতুল তাজমিনের (১৪) ছবি। ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া কিশোরীর রক্তাক্ত মরদেহের ছবি দেখে কেউ আঁতকে উঠছেন, কেউ আবার নির্বাক হয়ে তাকিয়ে থাকছেন। শোক আর আতঙ্কে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

শনিবার (১০ অক্টোবর) যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। এই বাড়িরই মেয়ে তাজমিন। কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশাচালকের হাতে ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকে শোকে স্তব্ধ হয়ে আছেন তার মা কেয়া খাতুন ও বাবা আবদুল আলীম। একমাত্র সন্তানকে হারানোর বেদনার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মেয়ের ওপর পাশবিক নির্যাতনের খবর। স্বজনদের বাইরে কারও সঙ্গে কথা বলছেন না তারা।

তাজমিনের বাবা আবদুল আলীম চাকরির সুবাদে পরিবার নিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল তাজমিন। গত ৮ অক্টোবর কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর চরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা হওয়ার পর পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে চট্টগ্রাম থেকে সুমন মিয়া নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়।

শনিবার পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ খবর শোনার পর থেকেই ভেঙে পড়েছেন তার মা-বাবা।

মা কেয়া খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। বিলাপ করতে করতে বলছেন, ‘আগে জানলে কোথাও পাঠাতাম না আমার পাখিটারে। আমি এখন কী নিয়ে বাঁচব। জানোয়ারটা আমার মেয়ের ওপর কী যে পাশবিক নির্যাতন চালিয়েছে, আল্লাহ! কত কষ্ট পেয়েছে আমার পাখিটা। বাঁচার জন্য ধানক্ষেতে ছুটাছুটি করেছে। তার পরেও বাঁচতে দিল না জানোয়ারটা…। যারা আমার পাখিটার ওপর এমন নির্যাতন করেছে, তাদের বিচার আল্লাহর কাছে দিলাম।’

মেয়ের কবর জিয়ারত করে বাড়িতেই সময় কাটাচ্ছেন বাবা আবদুল আলীম। তিনিও কারও সঙ্গে কথা বলছেন না। দুপুরের দিকে গণমাধ্যমে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার খবর জানতে পারেন তিনি। এরপর থেকে আরও বেশি ভেঙে পড়েছেন।

তাজমিনের বাবার বন্ধু ও স্থানীয় স্কুলশিক্ষক শিমুল হোসেন বলেন, ‘তাজমিনের বাবা স্বাভাবিক হতে পারেননি। একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায়। তারা কাউকে ওভাবে সন্দেহ করছেন না। কোন বান্ধবীর বাড়িতে গিয়েছিল, সেটাও তাজমিন জানায়নি।’

শিমুল হোসেন আরও বলেন, তাজমিনের বাবা জানিয়েছেন, মেয়ে কক্সবাজার যাবে, সেটা তিনি জানতেন। যাওয়ার সময় বলেছিল, বান্ধবীর বাসায় যাবে। সেখান থেকে বান্ধবীর সঙ্গে যাবে। কিন্তু এভাবে নিরাপত্তাহীন হবে, সেটা জানলে তার বাবা নিশ্চয়ই মেয়েকে পাঠাতেন না। কোন বান্ধবীর সঙ্গে ছিল, সেটাও এখনো জানতে পারেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, তাজমিনের আর কোনো ভাই-বোন ছিল না। পড়াশোনায় মেধাবী ছিল সে। বিভিন্ন ছুটিতে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসত। তার মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার বাসা থেকে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় তাজমিন। পরে বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায় সে। বুধবার রাতে কুমিল্লার উদ্দেশ্যে বাসে রওনা দেয়। রাতে মেয়েকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। রাত আনুমানিক পৌনে ২টার দিকে তাজমিন তার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে বার্তা ও লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার কথা জানায়। পরদিন সকালে ওই লোকেশনে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া শনিবার সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে জানান, ঘটনার রাতে তাজমিনের ভাড়াকৃত অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করে।

একদিকে, মেয়েকে হারানোর শোক, অন্যদিকে অটোরিকশাচালক সুমনের স্বীকারোক্তিতে উঠে আসা তাজমিনের ওপর চালানো বীভৎসতার খবরে বাকরুদ্ধ তাজমিনের পরিবার। গ্রামের বাড়িতে এখন কেবল স্বজনদের আহাজারি। আর স্থানীয়দের দাবি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com