মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কঠোর বার্তা দিয়েছেন পোপ পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, সৃষ্টিকর্তা যুদ্ধের পক্ষে নন এবং যুদ্ধবাজদের প্রার্থনায় সাড়া দেন না।
রোববার পাম সানডে উপলক্ষে দেওয়া ধর্মোপদেশে তিনি বলেন, “সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে। তিনি যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।” এ সময় তিনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পোপ আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাভাবিকভাবে পালন করতে পারছেন না। তাদের দুর্ভোগের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনার আহ্বান জানান তিনি।
এর আগে গত সপ্তাহেও পোপ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, এই সংঘাতের ফলে ১০ লাখের বেশি মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, পোপ লিও চতুর্দশ প্রথম আমেরিকান পোপ হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিশ্বব্যাপী সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি প্রতিষ্ঠায় সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। তবে সাম্প্রতিক উত্তেজনা নিয়েও তিনি সতর্ক অবস্থান বজায় রেখে কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী না করে কূটনৈতিক ভাষায় বক্তব্য দিয়ে আসছেন।
